দুমকিতে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা, ক্ষয়ক্ষতি হয়নি
পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জ্বলন্ত টায়ার কেন্দ্রের ভেতরে নিক্ষেপ করে দ্রুত সরে যায়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কেন্দ্রের কোনো ধরনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। কিন্তু এখন পর্যন্ত জড়িতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে কেন্দ্র এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা টায়ারে আগুন লাগিয়ে কেন্দ্রের ভেতরে নিক্ষেপ করে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

