নতুন সরকারের সঙ্গে মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করতে চায় গ্লোবাল লেবার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস জানিয়ে মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে Global Labor & Human Development Foundation।
এক যৌথ বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব কেএম জসীম উদ্দিন এবং যুগ্ম মহাসচিব ফজলুর রহমান পলাশ বলেন, দেশে টেকসই উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকার ও শ্রম অধিকারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, নতুন সরকারের নীতি ও কর্মপরিকল্পনায় শ্রমজীবী মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকারকে অগ্রাধিকার দেওয়া হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিল্পকারখানা, সেবা খাত ও প্রবাসমুখী শ্রমবাজারে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গ্লোবাল লেবার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম ও নীতিগত পরামর্শ প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।
তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন, কর্মক্ষেত্রে হয়রানি, শিশুশ্রম ও বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি। একই সঙ্গে শ্রম আইন যথাযথ বাস্তবায়ন, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং নারী শ্রমিকদের সুরক্ষা জোরদার করার আহ্বান জানান।
সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন সরকার নাগরিক অধিকার, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে এবং এ লক্ষ্যে বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ ও অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদার করবে।
শেষে নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা সরকারের সঙ্গে গঠনমূলক ও দায়িত্বশীল সহযোগিতা অব্যাহত রাখবেন।

