থানা নেতৃত্ব থেকে জাতীয় মন্ত্রিসভায়: তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ রবিউল আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেন।
এই মন্ত্রিসভায় যোগাযোগ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—যা দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
৪৮ বছর বয়সী শেখ রবিউল আলম দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। স্থানীয় পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে দলীয় নেতাকর্মীরা বড় অর্জন হিসেবে দেখছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দিন সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পান ৭৭ হাজার ১৩৬ ভোট।
স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা শেখ রবিউল আলমের এই অগ্রযাত্রা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

